নিউজ ডেস্ক :জলকদর নিউজ, ঢাকা
চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম-খুনসহ বিভিন্ন সামাজিক অনাচার দিন দিন বাড়ছে এবং এসব অনাচার দূর করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই বলেন, স্বাধীনতার পর দেশের মানুষ মুক্তির আশায় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে জীবন দিয়েছেন। কিন্তু কাঙ্ক্ষিত মুক্তি এখনো আসেনি। তাঁর দাবি, যে নীতির মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে, তা অব্যাহত থাকলে স্বাধীনতার হীরকজয়ন্তী কিংবা শতবর্ষ উদযাপন করলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।
তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলকে জনগণ ক্ষমতায় বসিয়ে পরীক্ষা করেছে। কিন্তু বিদ্যমান নীতির মাধ্যমে কেউই সমাজ ও রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তন করতে পারেনি। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি ভুলে গিয়ে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতির প্রশ্নে কখনো আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না। তাঁর ভাষ্য, দেশের মানুষ এখন পরিবর্তনের প্রত্যাশা করছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে নীতির পরিবর্তন ঘটবে—এমন প্রত্যাশা তৈরি হয়েছে।
সম্মেলনে আইএবি মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, তাঁদের শীর্ষ নেতারা জুলাই গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৫ আগস্টের পর রাজনীতিতে চাঁদাবাজি ও ধোঁকাবাজির ধারা থাকবে না বলে তাঁরা আশা করেছিলেন। তবে সেই প্রত্যাশা বাস্তবে পূরণ হয়নি বলে তিনি দাবি করেন।
জুলাই সনদ নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে তালবাহানার অভিযোগ তুলে তিনি বলেন, এভাবে চলতে থাকলে জনবিস্ফোরণ হতে সময় লাগবে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো গোপন এজেন্ডা নেই উল্লেখ করে গাজী আতাউর রহমান বলেন, তারা প্রকাশ্যেই দেশের মানুষের কাছে তাদের রাজনৈতিক লক্ষ্য তুলে ধরছে। ইসলামী শরিয়াহ বাস্তবায়নই তাদের লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ নেতাকর্মীদের প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে ছড়িয়ে পড়ে শরিয়াহর পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান। তাঁর দাবি, ঢাকা মহানগর দক্ষিণের ওয়ার্ডগুলো থেকেই শরিয়াহর বিজয় শুরু হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, তারা ভিশন ও মিশন নির্ধারণ করেই সামনে এগিয়ে যাচ্ছেন। জনগণ তাদের নির্বাচিত করলে ঢাকা মহানগরকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার কথা জানান তিনি।
ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন আইএবির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, নগর দক্ষিণের সহ-সভাপতি জি এম রুহুল আমীন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, আলহাজ্ব আবদুর রাজ্জাক, নগর উত্তর সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, অধ্যক্ষ জিল্লুর রহমান, নগর উত্তর সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈম, মাওলানা ফরিদুল ইসলামসহ অনেকে।


