নিউজ ডেস্ক :
বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ব্রুনাই হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার, বাংলাদেশ ও ব্রুনাইয়ের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বিশেষ করে বাংলাদেশের চলমান জ্বালানি সংকট নিরসনে ব্রুনাইয়ের সম্ভাব্য ভূমিকা ও অবদান নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও ব্রুনাইয়ের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।
সাক্ষাৎ শেষে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ব্রুনাইয়ের হাইকমিশনারকে জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি ঘুরে ঘুরে দেখান।
বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।



