26 C
Dhaka
Monday, November 23, 2026

দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু

ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || জাতীয়

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় টানা ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ সময় কেন্দ্রটির উৎপাদনব্যবস্থা, টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।

এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। প্রথম দফায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে প্রায় সাড়ে আট ঘণ্টা গ্রিডে সরবরাহ করা হয়েছিল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কাজ চলছে। তখন প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার প্রত্যাশা রয়েছে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

তবে এই বিদ্যুৎ সরবরাহ এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে; বাণিজ্যিক উৎপাদন শুরু হয়নি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles