জি. মোস্তফা
ইবনে বতুতা হযরত শাহজালাল (রহ)-এর সাক্ষাৎ করে
মেঘনা নদী পথে নৌকায় চড়ে সোনারগাঁও এসেছিলেন।
মেঘনা নদীকে তিনি মিশরের নীলনদের সাথে তুলনা করে ‘নাহরুল আযরাক’ (নীলনদ) বলেছিলেন। ইবনে বতুতার ভাষ্যে ফুটে উঠেছিল নদী ও তার দুই তীরের সৌন্দর্য। নদীতীরে এত ফল-ফসলাদি ছিল যে তাকে তিনি বাজারের সাথে তুলনা করেছিলেন। সেকালে সবকিছুর দাম ছিল কম, সস্তা যাকে বলে।
ইবনে বতুতার মতে তখন সোনারগাঁও ছিল দুর্ভেদ্য নগরী। সুরক্ষিত নগরীর পয়ঃপ্রণালি ছিল চমৎকার।
সোনারগাঁও ছিল আন্তর্জাতিক বাণিজ্যের একটি দরজা। এখান থেকে জাহাজ ছেড়ে যেত ইন্দোনেশিয়া ও চীনের উদ্দেশে।
সোনারগাঁওয়ে গড়ে উঠেছিল বাঙলার সর্বপ্রথম ও প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন আল্লামা শরফুদ্দীন আবু তাওয়ামা (রহ.)।
এখানে তিনি শিক্ষা দিতেন- গণিত, চিকিৎসা, দর্শন, যুক্তিবিদ্যা, পদার্থ ও রসায়নসহ যাবতীয় জ্ঞানের শাখা।
তার বিখ্যাত ছাত্র ছিলেন ইয়াহিয়া মানেরী (রহ.)।
একালের সোনারগাঁও সেই নৈতিক ও জাগতিক শিক্ষার সমন্বয়ে এগোতে পারেনি। নেই সেই পয়ঃপ্রণালি। এখন শহরের অলিগলিতে দুর্গন্ধ, ময়লা-আবর্জনায় পরিপূর্ণ।
সবকিছুর দাম চড়া। যাতায়াত খরচও অনেক। রেস্টুরেন্টগুলোতে খাবারের মানও তেমন ভালো নয়।
সোনারগাঁও ঢাকা শহরের খুব নিকট একটি শহর। কিন্তু সেখানে কৃষ্টি-কালচার, সাহিত্য, সঙ্গীত চর্চায় কোনো অগ্রগতি সাধন করতে পারেনি।
নদী আছে। তবে অনেকটাই মৃত। পঁচা দুর্গন্ধযুক্ত আবর্জনার ড্রেনগুলো নদীতে গিয়ে মিশেছে। পরিবেশ পরিচ্ছন্ন নয় মোটেও। সেকালের সেই সোনারগাঁয়ের সাথে আজকের সোনাগাঁর পার্থক্য অনেক। তবুও আশা রাখি হয়ত আবার ফিরবে এই শহরের প্রাণ, আবার আসবে সেই সোনালি সময়।
লেখক : কলামিস্ট ও সাহিত্যিক



