ডেস্ক রিপোর্ট : জলকদর নিউজ
‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেশের আবাসন ব্যবস্থা, পরিকল্পিত ও টেকসই নগরায়ণ, সবার জন্য নিরাপদ ও মানসম্মত বাসস্থান নিশ্চিতকরণসহ নগর উন্নয়নের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’, যেখানে সবার জন্য নিরাপদ, সাশ্রয়ী ও টেকসই আবাসন নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।


