ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || মন্তব্য, অভিযোগ, প্রতিবাদ
স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালানোর অভিযোগ মিথ্যা, আত্মগোপনে থেকেও মেয়েকে নিয়ে নিরাপদে আছেন বলে দাবি নারীর
স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন এক নারী। নিজের নিরাপত্তার স্বার্থে তিনি আত্মগোপনে রয়েছেন এবং মেয়েকে নিয়ে ভালো আছেন বলেও জানিয়েছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওবার্তায় ওই নারী এসব কথা বলেন।
ভিডিওবার্তায় তিনি জানান, গত এক-দুই দিন অনলাইনে না থাকায় তাঁকে নিয়ে প্রকাশিত সংবাদগুলো দেখতে পারেননি। তিনি বলেন, নিজেকে নিরাপদ রাখতে স্বেচ্ছায় আত্মগোপনে রয়েছেন। তাঁর কারণে অন্য একজনের যেন আর কোনো ক্ষতি না হয়, সে বিষয়টি বিবেচনা করে তিনি নিজেকে সংযত রেখে নিজের বক্তব্য তুলে ধরতে চান।
নিজের বর্তমান অবস্থার বিষয়ে ওই নারী বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আমার মেয়েকে নিয়ে নিজের মতো নিরাপদে আছি।’
এদিকে, তাঁকে নিয়ে প্রচারিত স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার অভিযোগও অস্বীকার করেছেন তিনি। তাঁর দাবি, বাড়ি থেকে বের হওয়ার সময় নিজের পরনের কাপড় ছাড়া অন্য কিছুই সঙ্গে নেননি। এমনকি নিজের কোনো অতিরিক্ত পোশাকও নিয়ে আসেননি। স্বর্ণালংকার ও নগদ টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি।
ভিডিওবার্তায় ওই নারী নিজের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি তাঁর বিষয়ে প্রচারিত অভিযোগগুলোকে সত্য হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়েছেন।


