26 C
Dhaka
Tuesday, November 10, 2026

বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে তরুণী, অনলাইনে নিকাহের পর নামলেন নিচে

জলকদর নিউজ | আন্তর্জাতিক ডেস্ক, বিনোদন

প্রেমিককে বিয়ে করার দাবিতে প্রায় ১০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে উঠে চার ঘণ্টা অবস্থান করেন ১৯ বছর বয়সী এক তরুণী। শেষ পর্যন্ত ভিডিও কলের মাধ্যমে প্রেমিকের সঙ্গে নিকাহ সম্পন্ন হওয়ার পর টাওয়ার থেকে নিচে নেমে আসেন তিনি।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বাহরাইচ জেলায়। সোমবার (৯ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

তরুণীর নাম সাহিবা বেগম, যিনি মেহেক নামেও পরিচিত। তাঁর প্রেমিকের নাম নূরুদ্দিন। তাঁর বয়স ২৫ বছর। একই গ্রামের বাসিন্দা হলেও কাজের প্রয়োজনে নূরুদ্দিন তখন প্রায় এক হাজার কিলোমিটার দূরে মুম্বাইয়ে অবস্থান করছিলেন।

জানা গেছে, নূরুদ্দিনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মেহেকের। দুজনই বিয়ে করতে চাইলেও পরিবারের সদস্যরা তাঁদের সম্পর্ক মেনে নিতে রাজি ছিলেন না। এ নিয়ে মায়ের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে মোবাইল টাওয়ারে উঠে পড়েন মেহেক। পরিবারের পক্ষ থেকে বিয়েতে সম্মতি না দেওয়া পর্যন্ত নিচে নামতে অস্বীকৃতি জানান তিনি।

এ সময় আত্মীয়স্বজন, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা তাঁকে নিরাপদে নিচে নামানোর চেষ্টা করেন। নারী পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে তাঁকে বোঝানোর চেষ্টা করেন। প্রায় চার ঘণ্টা টাওয়ারের ওপর অবস্থান করে বিয়ের দাবি পূরণ না হলে লাফ দেওয়ার হুমকিও দেন তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে মুম্বাইয়ে অবস্থানরত নূরুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ভিডিও কলের মাধ্যমে স্থানীয় এক ধর্মীয় নেতার উপস্থিতিতে তাঁদের নিকাহ সম্পন্ন হয়। নূরুদ্দিন অনলাইনে যুক্ত হয়ে বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নেন।

নিকাহ সম্পন্ন হওয়ার পর মেহেক টাওয়ার থেকে নেমে আসতে সম্মতি জানান। পরে নারী পুলিশ সদস্যদের সহায়তায় তাঁকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

ঘটনার পর পুলিশ তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের থানায় নিয়ে কাউন্সেলিং করে। পরে তাঁকে মায়ের সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

পরিবারের আপত্তি, প্রেমের সম্পর্ক এবং বিয়ের দাবিকে কেন্দ্র করে ঘটে যাওয়া এ ঘটনা স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles