কক্সবাজারে সাত স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ, বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক | জলকদর নিউজ
কক্সবাজারের চকরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা লাগিয়ে ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে। একই সময়ে জেলার বিভিন্ন স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর পর্যন্ত কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, কক্সবাজার শহরের কলাতলী ও নিউমার্কেট এলাকায় রাত ১১টার দিকে একাধিক ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরিত হয়। পরে রাত ১২টার দিকে কক্সবাজার মেডিকেল কলেজের ফটক, লিংক রোড, ঝিলংজার খরুলিয়া দরগাহ ফটক, রামু সরকারি কলেজের ফটক এবং ঈদগাঁওয়ের মাইজপাড়া স্কুল ফটক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
এদিকে, চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা লাগিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২৫ সেকেন্ডের একটি ভিডিওতে হেলমেট ও মাস্ক পরা দুই যুবককে তালা ও ব্যানার লাগাতে দেখা যায়।
চকরিয়ার ইউএনও শাহীন দেলোয়ার জানান, রাতের আঁধারে উপজেলা পরিষদের প্রধান ফটক এবং পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকের বাইরে তালা লাগানো হয়েছিল। খবর পাওয়ার পর পুলিশের সহযোগিতায় তালাগুলো খুলে দেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
অন্যদিকে, রামু বাইপাস গেটে চলন্ত একটি ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ ছাড়া চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদের গেট, গ্রামীণ ব্যাংকের গেট, চকরিয়ার কৈয়ারবিল ও টেকনাফের শাপলাচত্বরসহ বিভিন্ন স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান জানান, কক্সবাজারের বিভিন্ন স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার শামীম কবির জানিয়েছেন, পেট্রোল বোমা নিক্ষেপ করে নাশকতার চেষ্টা চালানো ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
প্রাথমিকভাবে এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে জেলার বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।


