মোহাম্মদ হেফাজ উদ্দীন : নিউজ ডেস্ক
বরিশালের উজিরপুরে চুরির অভিযোগে আলোচনায় আসা অনিক শিকদারকে নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। সংশ্লিষ্টদের দাবি, অনিক পেশাদার চোর নন; পারিবারিক সংকট ও মাদকাসক্তির কারণে তিনি পরিস্থিতির শিকার হয়েছেন।
জানা গেছে, অনিক শিকদারের বাবা একসময় সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন। বাবার দীর্ঘদিনের অসুস্থতার চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি তাদের সম্পদ হারিয়ে আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়ে। পরবর্তী সময়ে পারিবারিক ও মানসিক সংকটের মধ্যে অনিক মাদকাসক্ত হয়ে পড়েন। অভিযোগ রয়েছে, এ সুযোগে স্থানীয় একটি মাদক সিন্ডিকেট তাকে ব্যবহার করত।
এদিকে অনিকের ছোট মেয়ে তুবার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বাবার জন্য একটি সৎ কর্মসংস্থানের ব্যবস্থা করার আকুতি জানায় শিশুটি।
ভিডিওটি দেখে WAB Foundation-এর একটি দল উজিরপুর থানা পুলিশের সহযোগিতায় তুবা ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তুবার বাবাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহযোগিতার উদ্যোগ নেয় সংগঠনটি।
অনিক শিকদার জানিয়েছেন, তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং সম্মানের সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরতে চান। গ্রামাঞ্চলে কাজ করে জীবিকা নির্বাহের জন্য তিনি একটি অটোভ্যানের প্রয়োজনের কথা জানান।
WAB Foundation-এর পক্ষ থেকে অনিককে একটি নতুন অটোভ্যান কিনে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ছোট্ট তুবার পড়াশোনার দায়িত্বও সংগঠনটি নেওয়ার কথা জানিয়েছে।
উজিরপুর থানার ইন্সপেক্টরও এ মানবিক উদ্যোগে সার্বিক সহযোগিতা ও পরিবারের খোঁজখবর রাখার আশ্বাস দিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অনিকের পরিবারের এই ঘটনা আবারও দেখিয়ে দিয়েছে, অপরাধ বা ভুলের পেছনে থাকা ব্যক্তির সামাজিক ও পারিবারিক সংকটগুলোও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। একটি শিশুর বাবাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার এই উদ্যোগকে মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


