নিজস্ব প্রতিবেদক :
‘আল্লাহর অশেষ রহমত যে আমাকে বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড শেয়ার করেন রুমিন ফারহানা। সেখানে লেখা ছিল—‘আল্লাহর অশেষ রহমত যে আমাকে এই ট্যাগ অর্থাৎ বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না।’ ফটোকার্ডটি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘আল্লাহর কসম।’
এর আগে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকাকে ‘আল্লাহর রহমত’ হিসেবে উল্লেখ করেছিলেন রুমিন ফারহানা। সম্প্রতি বিএনপির সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পর্ক ও অবস্থান নিয়ে বিভিন্ন বক্তব্য ও আলোচনা সামনে এসেছে।
রুমিন ফারহানা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য। এর আগে তিনি একাদশ জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। বর্তমানে তিনি বিএনপির বাইরে থেকে স্বতন্ত্র এমপি হিসেবে সংসদে দায়িত্ব পালন করছেন।
সাম্প্রতিক সময়ে জাতীয় সংসদে বিএনপি সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করেও বক্তব্য দিয়েছেন তিনি। গত ৯ সেপ্টেম্বর সংসদে বক্তব্য দেওয়ার সময় বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ ও সার সংকট এবং ঋণখেলাপির মতো সমস্যা নিয়ে মন্তব্য করেন। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে সংসদে হইচইয়ের ঘটনাও ঘটে।
পরদিন সংসদে রুমিন ফারহানা অভিযোগ করেন, ভিন্নমত প্রকাশের সময় তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে। স্পিকারও সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যদের বক্তব্যের সময় বাধা না দেওয়ার আহ্বান জানান এবং তাঁর বক্তব্যের প্রতি সম্মান দেখানোর কথা বলেন।
এদিকে, তাঁর বিএনপি-বিরোধী বক্তব্যের পর ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় বিএনপির পক্ষ থেকেও প্রতিবাদ কর্মসূচি হয়েছে। তবে রুমিন ফারহানা বলেছেন, রাজনীতিতে ভিন্নমত থাকবে এবং বিভিন্ন বক্তব্যের জবাব মানুষই দেবে।


