30 C
Dhaka
Tuesday, September 29, 2026

বাঁশখালীতে পৃথক অভিযানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার আটজনের মধ্যে আওয়ামী লীগের দুইজন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চারজন এবং যুবলীগের দুইজন রয়েছেন। অভিযানের সময় শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটার প্রস্তুতির অভিযোগে একটি কেকও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকর্মীরা হলেন—শেখেরখীল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোশারফ আলী সিকদার পাড়ার মৃত শহর মুল্লুকের ছেলে আহম্মদ হোসেন এবং বৈলছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চেচুরিয়া গ্রামের শহর মুল্লুকের ছেলে জাকের আহাম্মদ।

অন্যদিকে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গ্রেপ্তার চারজন হলেন—গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা ৬ নম্বর ওয়ার্ডের বেলাল উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন, একই ইউনিয়নের মধ্যম গন্ডামারা ৩ নম্বর ওয়ার্ডের মো. শাহ নূরের ছেলে সৈয়দ নুর হৃদয়, ফজল কাদেরের ছেলে এস এম মোজাম্মেল হক এবং চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব-চাম্বল ছড়ারকূল এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আজাদ মিয়া।

গ্রেপ্তার যুবলীগের দুই কর্মী হলেন—গন্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল করিমের ছেলে জাফর আহাম্মদ এবং শীলকূপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিল মোহাম্মদের ছেলে জমির উদ্দিন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণের অংশ হিসেবে পুলিশের একাধিক দল বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসব অভিযানে আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সোমবার আদালতে পাঠানো হবে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles