লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নেয়াজর টেক থেকে টংকাবতী ফরেস্ট অফিস সড়কের কানুরাম বাজার ব্রিজ উদ্বোধন করা হয়েছে। সেতুটির উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও জননেতা শাহজাহান চৌধুরী।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে প্রায় ৫ কোটি ৪৫ লাখ ৬ হাজার ৩১ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে।
সেতুটি উদ্বোধনের ফলে নেয়াজর টেক, টংকাবতী ফরেস্ট অফিস, কানুরাম বাজারসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, এলজিইডির কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সেতুটির প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। নতুন সেতু নির্মাণ ও উদ্বোধনের ফলে এলাকার মানুষের চলাচলে স্বস্তি ফিরবে এবং যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে।
এলজিইডি সূত্রে জানা গেছে, সেতুটি নির্মাণের মাধ্যমে লোহাগাড়া উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় জনগণের যাতায়াত সুবিধা বাড়ানোই ছিল প্রকল্পটির অন্যতম লক্ষ্য।


