চট্টগ্রাম (মহানগর) প্রতিনিধি:
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজে ন্যায়, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কোতোয়ালী থানার দেওয়ান বাজার ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, মহানবী (সা.)-এর জীবন মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তিনি মানুষের অধিকার, মর্যাদা, ন্যায়বিচার ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করলেই একটি শান্তিপূর্ণ ও কল্যাণময় সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি বলেন, বর্তমান সময়ে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, মানবিকতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করা অত্যন্ত জরুরি। তাঁর দেখানো পথ অনুসরণ করলে ব্যক্তি, পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
ওয়ার্ড সভাপতি মুহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিদারুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে বক্তব্য দেন দেওয়ান বাজারের বি আই এ জামে মসজিদের খতিব মুহাম্মদ সাফওয়ান বিন হারুন আল আযহারী।

প্রধান ওয়ায়েজ বলেন, মহানবী (সা.)-এর পবিত্র জীবন ছিল আল্লাহর নির্দেশিত আদর্শের বাস্তব প্রতিফলন। তাঁর চরিত্র, আমল, আচার-আচরণ ও মানুষের সঙ্গে উত্তম ব্যবহারের শিক্ষা মুসলমানদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সীরাতুন্নবী (সা.) শুধু আলোচনা ও শ্রবণের বিষয় নয়; বরং রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও আদর্শকে বাস্তব জীবনে ধারণ করার শিক্ষা। ব্যক্তি ও সমাজজীবনে তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন সম্ভব।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগর সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক ও কোতোয়ালী থানা সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলাম, শ্রমিক নেতা মাওলানা তাওহীদুল ইসলাম চৌধুরী ও সেলিম রেজা।
এ সময় আয়োজক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


