নিউজ ডেস্ক জলকদর নিউজ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন।
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য তাঁর এ সফর। সম্মেলনের প্রতিপাদ্য—‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’।
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (CPSR) যৌথভাবে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। এতে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
বিমানবন্দরে ডা. শফিকুর রহমানকে বিদায় জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।
তুরস্ক সফর শেষে ডা. শফিকুর রহমান সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন। এরপর আগামী ১১ অক্টোবর সকালে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।


