31 C
Dhaka
Tuesday, October 27, 2026

চা-নাশতার বরাদ্দের আড়াই লাখ টাকায় তিন হলে কম্পিউটার, এক হলে পানির ফিল্টার দিলেন চাকসুর এজিএস

ক্যাম্পাস (চবি) প্রতিনিধি | জলকদর নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিক নিজের দাপ্তরিক কাজ, আপ্যায়ন ও যাতায়াতের জন্য বরাদ্দ পাওয়া আড়াই লাখ টাকা শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করেছেন। ওই অর্থ দিয়ে বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলে একটি করে কম্পিউটার এবং আরেকটি হলে বিশুদ্ধ পানির ফিল্টার উপহার দিয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আইয়ুবুর রহমান তৌফিক। এর আগে শনিবার (২৪ অক্টোবর) তিনি নিজে হলগুলোতে গিয়ে এসব উপহার হস্তান্তর করেন।

উপহার হিসেবে দেওয়া কম্পিউটারগুলো বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল, অতীশ দীপঙ্কর হল ও বিজয়-২৪ হলে স্থাপন করা হয়েছে। অন্যদিকে, শহীদ ফরহাদ হোসেন হলের ডাইনিংয়ে শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির সংকট নিরসনে একটি উন্নতমানের পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।

আইয়ুবুর রহমান তৌফিক জানান, চাকসুর এজিএস হিসেবে অফিস পরিচালনা ও চা-নাশতার জন্য বরাদ্দ পাওয়া আড়াই লাখ টাকার এক টাকাও তিনি নিজের জন্য ব্যয় করেননি। শিক্ষার্থীদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে পুরো অর্থ তাঁদের কল্যাণে ব্যয় করেছেন।

তিনি আরও জানান, দায়িত্ব পালনের পুরো এক বছরে অফিস পরিচালনা, আপ্যায়ন ও যাতায়াতসহ সব ধরনের খরচ তিনি ব্যক্তিগতভাবে বহন করেছেন। বিশ্ববিদ্যালয়ের কোনো অর্থ নিজের পেছনে ব্যয় করেননি বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষার্থীদের কল্যাণে চাকসুর দায়িত্বশীলদের এমন উদ্যোগ ক্যাম্পাসে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে, আবাসিক হলগুলোতে কম্পিউটার ও বিশুদ্ধ পানির সুবিধা বৃদ্ধি শিক্ষার্থীদের দৈনন্দিন জীবন এবং একাডেমিক কার্যক্রমে সহায়ক হবে।

উল্লেখ্য, আইয়ুবুর রহমান তৌফিক চাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে নির্বাচিত এজিএস। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles