দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি ও মেঘনা উপজেলার ৬১টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
রোববার (১১ অক্টোবর ২০২৬) দাউদকান্দি সদরের মারুফ ভিলায় আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোর নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন তিনি।
অনুষ্ঠানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। এ আয়োজনের মাধ্যমে দাউদকান্দি ও মেঘনা উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং তাঁদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার বিষয়টি গুরুত্ব পায়।
অনুষ্ঠানে দুই উপজেলার ৬১টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।


