ডেস্ক রিপোর্ট, জলকদর নিউজ
সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেমের দীর্ঘদিনের সম্পর্ক ও দাম্পত্য জীবনে ইতি ঘটতে যাচ্ছে। প্রায় এক দশকের পথচলার পর পারস্পরিক বোঝাপড়ায় বড় ধরনের কিছু পার্থক্যের কারণে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্ট দিয়ে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম ও শেহতাজ। প্রীতম জানান, দীর্ঘ আলোচনার পর তাঁরা উপলব্ধি করেছেন যে, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো।
শেহতাজও প্রায় একই কথা জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সময়ের সঙ্গে তাঁরা বুঝতে পেরেছেন—পারস্পরিক বোঝাপড়ার কিছু পার্থক্যের কারণে আলাদা থাকাই তাঁদের জন্য ভালো। তিনি আরও জানান, সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হয়নি; অনেক ভেবেচিন্তে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তাঁরা বিচ্ছেদের প্রক্রিয়ায় এগোচ্ছেন।
এদিকে তাঁদের ঘনিষ্ঠজনদের বরাতে কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সংগীত ও শো নিয়ে প্রীতমের ব্যস্ততা বেড়ে যাওয়ায় দাম্পত্য জীবনে সময়ের ঘাটতি ও দূরত্ব তৈরি হয়েছিল। এ নিয়ে কয়েক মাস ধরে তাঁদের মধ্যে মতবিরোধ চলছিল বলেও দাবি করা হয়েছে। তবে এসব তথ্য আনুষ্ঠানিকভাবে প্রীতম বা শেহতাজ কেউই বিচ্ছেদের কারণ হিসেবে নিশ্চিত করেননি।
২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার সময় তাঁদের পরিচয়। পরে প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের অক্টোবরে বিয়ে করেন তাঁরা। দীর্ঘদিনের এই সম্পর্কের সমাপ্তির খবরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।


